শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরি

৭ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৫০  

অবশেষে শুক্রাণু, ডিম্বাণু ছাড়াই গবেষণাগারে মানব ভ্রূণের পূর্ণাঙ্গ মডেল তৈরিতে সফলতা পেয়েছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে মানবদেহের স্টেম সেল ব্যবহার করে প্রথমবার পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি করা হয়েছে। মাতৃগর্ভ ছাড়াই ভ্রূণ তৈরির এই সফলতাকে চিকিৎসাবিজ্ঞানে একটি মাইলফলক বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গবেষকরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, ইসরায়েলের ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেছেন। দলটির সদস্যরা দাবি করেছেন, স্টেম সেল ব্যবহার করে তারা যে ভ্রূণ তৈরিতে সফল হয়েছেন, সেটি দেখতে মাতৃগর্ভের ১৪ দিনের একটি পরিপূর্ণ ভ্রূণের মতো। গবেষণাগারে এই ভ্রূণ হরমোন নিঃসরণ করেছে, যা গর্ভে সন্তান আসার পরীক্ষায় পজিটিভ ফল দিয়েছে।

গবেষক দলের প্রত্যাশা, তাদের এই গবেষণা মানুষের জন্ম হওয়ার একেবারের শুরুর পর্যায় সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে। এ ছাড়া মাতৃগর্ভে শুক্রাণু থেকে ডিম্বাশয় তৈরি হওয়া পর্যন্ত নাটকীয় ধাপ সম্পর্কে জানা ও বোঝা সম্ভব হবে। তবে যে বিষয়টি সম্পর্কে এখনও খুব অল্প জানা গেছে, সেটি হলো—গর্ভাবস্থা নষ্ট হওয়া ও ত্রুটিপূর্ণ ভ্রূণের জন্ম নেওয়া।

এ নিয়ে গবেষণা দলের সদস্য অধ্যাপক জ্যাকব হান্না বলেছেন, বিষয়টি আমাদের কাছে এখনও ব্ল্যাক বক্সের মতো এবং অস্পষ্ট। এ সম্পর্কে আমাদের ধারণা খুবই সীমিত। অধ্যাপক জ্যাকব হান্নাদের গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি দ্য নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।